- Get link
- X
- Other Apps
মানুষের ঢল আইনজীবীর জানাজায়
চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় হাজারো মানুষের ঢল নামে। গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম আদালত ভবনের সামনে, বেলা সাড়ে ১১টায় জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে, দুপুর আড়াইটায় লোহাগাড়া দরবেশহাট ও বিকাল ৫টায় লোহাগাড়ার চুনতিতে চারটি জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে চুনতির ফারাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সকাল ১০টায় চট্টগ্রাম আইনজীবী সমিতির উদ্যোগে আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলিফের অনেক সহকর্মী কান্নায় ভেঙে পড়েন। অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফসহ আইনজীবী সমিতির নেতারা জানাজায় উপস্থিত ছিলেন। এরপর নিহত আলিফের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ জাতীয় মসদিজ প্রাঙ্গণে। সকাল ৯টা থেকে এই জানাজায় অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে দলমত নির্বিশেষে দলে দলে মানুষ জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় জানাজা।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment